২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ছয় জেলা কমিটি অনুমোদন

চট্টগ্রাম উত্তর, নীলফামারী, ভোলা, ঝালকাঠি, ঝিনাইদহ ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 07:19 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উত্তর, নীলফামারী, ভোলা, ঝালকাঠি, ঝিনাইদহ ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দলটির সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক ও সাত সাংগঠনিক সম্পাদকের দীর্ঘ বৈঠকে এ ছয় জেলা কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি আমাদের সাংগঠনিক বৈঠক ছিল। পুরো বৈঠকজুড়েই সাংগঠনিক বিষয় আলোচনা হয়েছে।" বৈঠকে হানিফ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহম্মদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদকদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চূড়ান্ত অনুমোদন দেওয়া প্রত্যেকটি কমিটির প্রত্যেক সদস্যের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, আরো বেশ কয়েকটি জেলা কমিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিগগির আওয়ামী লীগ প্রধান কেন্দ্রীয় সাত সাংগঠনিক সম্পাদককে নিয়ে বৈঠক করবেন। এছাড়া, মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। ওই সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের বক্তব্য অনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/পিডি/০১০০ ঘ.