ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুবদলের ২১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। সোমবার রাতে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ কথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "গঠনতন্ত্র অনুযায়ী ২১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া অনুমোদন দিয়েছেন। এই কমিটির মেয়াদ হবে তিন বছর।"
চলতি বছরের ৪ মার্চ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সভাপতি ও সাইফুল আলম নিরবকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সম্পাদক একেএম মোরতাজুল করীম বাদরু, সাংগঠনিক সম্পাদক একেএম মোজাম্মেল হক মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন খালেদা জিয়া।
গত বৃহস্পতিবার গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার কাছে কমিটির খসড়া তালিকা দেন তারা।
সোমবার বিকালে সিরাজগঞ্জে সয়দাবাদ রেলওয়ে মাঠে ছাত্র-গণজমায়েতের পর খালেদা জিয়া অনুমোদনকৃত তালিকা নিয়ে ঢাকা ফিরে আসেন বলে জানান আলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৫৮ ঘ.
bdnews24