সিরাজগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার দুপুরে সিরাজগঞ্জের যমুনা রিসোর্টে পৌঁছেছেন। সেখানে বিশ্রাম শেষে বিকালে সিরাজগঞ্জে এক গণজমায়েতে বক্তব্য রাখবেন তিনি।
এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম দুপুরে পৌনে ২টার দিকে যমুনা রিসোর্টে পৌঁছেছেন। বিশ্রাম শেষে বিকালে তিনি গণজমায়েতে বক্তব্য রাখবেন। তারপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর বাড়িতে যাবেন তিনি।"
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর রওনা হয়।
তার সফরসঙ্গী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপিকা সারোয়ারি রহমান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন।
গত ১২ মে বরিশালে বিভাগীয় জনসমাবেশের পর সিরাজগঞ্জে প্রথম রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১০ অক্টোবর ছাত্রদল নেতা নাজিরউদ্দিন জেহাদ ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন।
জেহাদের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে তার নিজ জেলায় এই গণজমায়েতের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৪৫১ ঘ.
bdnews24