২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানাউল্লাহ হত্যা: ২৭ জনের বিরুদ্ধে মামলা

সানাউল্লাহ নূর বাবু হত্যার ঘটনায় তার স্ত্রী মহুয়া নূর কচি শনিবার গভীর রাতে মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:55 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

নাটোর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সানাউল্লাহ নূর বাবু হত্যার ঘটনায় তার স্ত্রী মহুয়া নূর কচি শনিবার গভীর রাতে মামলা করেছেন। বড়াইগ্রাম থানায় রাত সাড়ে ১২টার দিকে করা এ মমালায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেনসহ ২৭ আওয়ামী লীগকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান ওই থানার ওসি আনোয়ার হোসেন। এর আগে পুলিশ বলেছিল, কেউ মামলা না করায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পত্রিকায় প্রকাশিত ছবি ও টিভি ফুটেজে যাদের ঘটনাস্থলে দেখা গেছে তাদের ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, "কেউ মামলা করেনি। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে দায়ীদের গ্রেপ্তার করা হবে।" শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান বাবু (৩৮)। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু। নাটোরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগকর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে বিএনপির অভিযোগ। ওই হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার নাটোরে পূর্ণদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপি রোববার সব জেলা ও থানা শহরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। এরপর মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ হবে। এদিকে পুলিশকে কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছিল কি না জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, "সব দায়িত্ব ছিল সানাউল্লাহ নূরের ওপর। তিনি কী করেছিলেন তা জানা যায়নি।" ঘটনাস্থলে পুলিশ ছিল না বনপাড়া বাজারের স্থানীয় দোকানদার ও ঘটনার সময় উপস্থিত পথচারীরা জানায়, বিএনপি নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বর থেকে সানাউল্লাহ নূরের নেতৃত্বে মিছিল নিয়ে সকাল সোয়া ১১টায় পাবনা-নাটোর সড়ক হয়ে বনপাড়া বাজারে আসে। মিছিলটি পাটোয়ারী হাসপাতালের সামনে পৌঁছলে আওয়ামী লীগকর্মীরা লাঠি, রড ও চাইনিজ কুড়াল নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শত শত দোকানদার ও পথচারীদের সামনে সানাউল্লাহ নূরের দুই পায়ের রগ কেটে দেয় এবং মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, ঘটনার সময় পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের পাশ দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। ঘটনার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলে শনিবার দুপুরে সানাউল্লাহর জানাযাপূর্ব সমাবেশে দাবি করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিজভী আহম্মেদ। বিএনপি কর্মসূচি সম্পর্কে জানায়নি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান এ বিষয়ে বলেন, "বিএনপি তাদের কর্মসূচি সম্পর্কে আমাকে কিছু জানায়নি। লোকমুখে ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ততক্ষণে সব শেষ হয়ে গেছে।" ঘটনার সময় পুলিশ পিকআপের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, পিকআপটি হাইওয়ে পুলিশের ছিল। সমন্বয়হীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও বড়াইগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনার সময় পুলিশের উপস্থিতি সম্পর্কে একই বক্তব্য দেন। ঘটনাস্থলের পাশ দিয়ে পুলিশরে পিকআপ যাওয়া প্রসঙ্গে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সামশুল আলম বলেন, "ওই সময় আমরা বাইরে থেকে উপজেলা পরিষদ চত্বরের অফিসে যাচ্ছিলাম। আমরা বুঝে উঠতে পারিনি ঘটনা এতদূর গড়াবে।" হত্যার ঘটনায় দুঃখিত জাকির শুক্রবারের ঘটনা সম্পর্কে যার বিরুদ্ধে বিএনপি অভিযোগ তুলেছে সেই জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন দাবি করেছেন সানাউল্লাহ নূর বাবুকে রক্ষা করতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার সময় তার হাতে লাঠি ছিল কেন জানতে চাইলে তিনি জানান, লাঠি দিয়ে তিনি বিক্ষুব্ধ কর্মীদের সরাচ্ছিলেন। জাকির বলেন, "আমি ওই হত্যার ঘটনায় দুঃখিত। তিনি (সানাউল্লাহ) মারা যাবেন আমি ভাবতেও পারিনি। দেরিতে হলেও আমি দলীয় কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছিলাম।" আহত সাংবাদিকের অবস্থার অবনতি শুক্রবারের ঘটনায় আহত দৈনিক ডেসটিনির নাটোর প্রতিনিধি তোফাজ্জল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নাটোর সদর হাসপাতালের হাড় জোড় বিশেষজ্ঞ ডা. শাহজাহান আলী বলেন, "তোফাজ্জলকে পরীক্ষা করে দেখা গেছে তার ডান পা অবশ হয়ে গেছে। হয়তো তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নাটোরে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নাটোরের সাংবাদিক সমাজের ব্যানারে শনিবার বিকেলে শহরের কানাইখালিতে মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধন শেষে জেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আলম মুনি সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান এবং দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তিনি আহতদের ক্ষতিপূরন দেওয়ারও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/ডিডি/০০৪৫ ঘ.