২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার দুই উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন স্থগিতের প্রতিবাদে দলের নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

জামালপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন স্থগিতের প্রতিবাদে দলের নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে। শনিবার উপজেলা পাবলিক হলে এই সম্মেলন হওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, সমাবেশ করে। এরপর তারা খালেদা জিয়ার দুই উপদেষ্টা আব্দুল কাইয়ুম ও আব্দুল হালিমের কুশপুত্তলিকা দাহ করে। ইসলামপুর পৌর যুবদলের সভাপতি আতিকুর রহমান শাহীনের সভাপতিত্বে স্থানীয় থানা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবু, শহীদুর রহমান, মিজানুর রহমান, রহিম বাদশা, যুবদল নেতা হাফিজুর রহমান, আজিজুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশে চেয়ারপার্সনের উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিমকে সমাবেশ থেকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক শহিদুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব মোবাইল ফোনে তাকে সম্মেলন স্থগিত করার কথা জানান। পরে ইসলামপুর উপজেলা যুবদল নেতৃবৃন্দকে তিনি এ খবর জানিয়ে দেন। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের উপস্থিত থাকার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১২৬ ঘ.