২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১৯৯৬ সালে আ. লীগ এত হীনমন্যতা দেখায়নি'

চট্টগ্রামের 'স্বাধীনতা কমপ্লেক্সে'কে পুরনো নামে ফেরানোর দাবি জানিয়ে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ এত হীনমন্যতা দেখায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 02:59 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের 'স্বাধীনতা কমপ্লেক্সে'কে পুরনো নামে ফেরানোর দাবি জানিয়ে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ এত হীনমন্যতা দেখায়নি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছির শনিবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এ সময় তিনি এক মাসের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। রাজনৈতিক হীনমন্যতার কারণে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের নাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বদলে জহুর আহমদ চৌধুরীর নামে করা হয়েছে বলে দাবি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি নাছির। একই কারণে কর্ণফুলী তৃতীয় সেতুর পাশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে স্থাপন করা ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। মীর নাছির বলেন, "এক মাসের মধ্যে কালুরঘাটের 'স্বাধীনতা কমপ্লেক্সে'র নাম আবারো 'শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স' করা না হলে হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।" সংবাদ সম্মেলনে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে 'স্বাধীনতা কমপ্লেক্স' প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সমাবেশ, সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও এক মাসের মধ্যে নাম পুনঃস্থাপন না হলে হরতাল পালন। ২০০৬ সালের ২৯ অগাস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে নগরীর কালুরঘাটে স্বাধীনতার স্মৃতি বিজড়িত শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স চালু করা হয় বলে জানান মীর নাছির। তিনি বলেন, "সরকার এর নাম পরিবর্তন করে 'স্বাধীনতা কমপ্লেক্স' করেছে।" প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নাছির বলেন, "১৯৯৬ সালে আওয়ামী লীগ এত হীনমন্যতা দেখায়নি। বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে প্রশ্ন জাগে এটা আওয়ামী লীগের সরকার না কারো চাপিয়ে দেওয়া সরকার।" চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দস্তগীর চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহদাৎ হোসেন, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা, বিএনপি নেতা এরশাদ উল্লাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৫৭ ঘ.