রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার দিনব্যাপী সম্মেলনের পর গভীর রাত পর্যন্ত আলোচনা হলেও কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হয়নি।
আউয়াল কবির জয় সভাপতি এবং মাজেদুল ইসলাম অপু সাধারণ সম্পাদক হয়েছেন। জয় আগের কমিটিতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং অপু সহ-সম্পাদক ছিলেন।
সম্মেলন শেষে রাতে রাজশাহী মহানগর আওয়মী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাদের নাম ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন মুন ও সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ আলোচনার পর রাত ৩টার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
আলোচনায় রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার রোটন, আওয়ামী লীগ নেত্রী আকতার জাহান এবং রাবি শাখার নেতারা অংশ নেন।
আগের কমিটির প্রচার সম্পাদক সুমন কান্তি বাড়ৈ, আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান রনি এবং কর্মী দ্বীপায়ন সরকারকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়েছে। পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শহীদ ড. শামসুজ্জোহা ও কামরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
২০০৪ সালের ১৯ জুন ইব্রাহীম হোসেন মুনকে সভাপতি ও আয়েন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২২০২ ঘ.
bdnews24