ঝিনাইদহ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ শহরের একটি মার্কেটের সামনে সোমবার রাতে বিএনপির এক কর্মীকে গুলিকে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম- রিপন আহমেদ ( ৩৮ )। তিনি ঝিনাইহদহ সদর উপজেলার কামারকুন্ড গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম।
পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের পর পালানোর সময় অস্ত্রসহ মতিয়ার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামে।
তিনি জানান, রিপন শাপলা চত্বরের দিক থেকে হেঁটে নতুন হাটের রাস্তার দিকে আসছিলেন। কুদ্দুস মার্কেটের সামানে আসার পর মতিয়ার তাকে গুলি করেন। ঘটনাস্থলে রিপন মারা যান।
এসপি রেজাউল আরো জানান, রিপন গরুর খামারী ছিলেন। কি কারণে তাকে হত্যা করা হল তা বের করার জন্য মতিয়ারকে সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৩ ঘ.
bdnews24