চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমকির মুখে জীবন দিয়ে হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে ট্র্যানজিট চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সোমবার নগরীতে এক গণসমাবেশে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ট্র্যানজিট চুক্তি করে এসেছেন তা বাস্তবায়নে চট্টগ্রামবাসী সকল প্রকার সহযোগিতা করে যাবে।"
চলতি মাসের প্রথমার্ধে প্রধানমন্ত্রী ভারত সফরে যান। ওই সফরের যৌথ ইশতেহারে বলা হয়, সড়ক ও রেলপথে ভারত থেকে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করতে দেবে বলে দু'দেশের মধ্যে মতৈক্য হয়েছে। নেপাল এবং ভুটানকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার আগ্রহের কথাও ভারতকে জানিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সফরের পর থেকে ট্র্যানজিটের বিরোধিতা করে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বিরোধী দলের নেতারা।
চট্টগ্রামভিত্তিক বিএনপির কেন্দ্রীয় দুই নেতা আবদুল্লাহ আল নোমান ও সালাউদ্দিন কাদের চৌধুরী 'যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর রক্ষা' করার ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত ট্র্যানজিট চুক্তিকে স্বাগত জানিয়ে লালদীঘি মাঠে এই গণসমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার দুয়েক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে অভিহিত করে মহিউদ্দিন বলেন, "এই বন্দর ভারত, নেপাল ও ভুটানকে ব্যবহার করতে দিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং বহু লোকের কর্মসংস্থান হবে।"
সিঙ্গাপুরের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, "তারা বন্দরে ট্র্যানজিট সুবিধা দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। আমরা কেন পারব না।"
ট্র্যানজিট সুবিধা দেওয়ার বিরোধিতাকারীদের 'জাতীয় শত্র"' আখ্যা দিয়ে মহিউদ্দিন বলেন, "স্বাধীনতা বিরোধীরাই এর বিরোধিতা করছে।"
এ সময় সিটি মেয়র ট্র্যানজিট চুক্তি বাস্তবায়ন হলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালের আশ্বাস দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নোমান গত সোমবার বলেন, "ট্র্যানজিটের নামে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত অপরিপক্ক। এ বন্দর আমাদের সম্পদ। আমরা যে কোনো মূল্যে এই সম্পদের রক্ষা করবো।"
অন্যদিকে সাকা চৌধুরী বলেন, "আগে যেভাবে আমেরিকাকে কন্টেইনার টার্মিনাল ব্যবহার করতে জনগণ বাধা দিয়েছিল তেমনি এবার ভারতকে বন্দর ব্যবহারে বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে জনগণ সক্রিয় হবেন।"
সমাবেশে সাবেক সাংসদ ইসহাক মিয়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ওয়ার্ড কাউন্সিলর এমএ নাসের, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমদও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/২১৪৪ঘ.
bdnews24