২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: ঘুষের মামলায় আদালতে বাবর

বসুন্ধরার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার কথিত অভিযোগে দায়ের মামলায় সোমবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার কথিত অভিযোগে দায়ের মামলায় সোমবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়। এ মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল এদিন। প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত ১১ মার্চ প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করে। ঢাকা মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন এ আদেশ দেন। বাবরকে দুপুর ১টায় আদালতে আনা হয়। বাবরের আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও খোরশেদ আলম বাবরের সঙ্গে ১০ মিনিট কথা বলার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করে। বাবরের অপর আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা এই মামলায় বাবর জামিনে আছেন। একই অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায়ও তিনি জামিনে আছেন। বর্তমানে অস্ত্র মামলায় বাবর কারাগারে আছেন। ২০০৮ সালের ৮ মে সিআইডির এএসপি আরমান আলী রমনা থানায় মামলাটি দায়ের করেন। বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও আবু সুফিয়ান এবং বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক এ মামলার আসামি। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৩/২১৪/১০৯ ধারায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এইচএ/২০৫৭ ঘ.