ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছে।
রোববার বাংলাদেশ সময় বেলা সোয়া ১২টার দিকে পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী মারা যান।
জ্যোতি বসুর পৈতৃক বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি গ্রামে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছিলেন শেখ হাসিনা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কলকাতা যেতে পারেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ে অসুস্থ নবতিপর জ্যোতি বসু সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।
ভারত সফরে গিয়ে পরিকল্পনা বদলের কারণে তাকে দেখতে যেতে না পারায় আক্ষেপ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিকদের তিনি বলেছিলেন, "জ্যোতি বসুর স্বাস্থ্য নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। তিনি বাংলাদেশ এবং ভারতে সমধিক শ্রদ্ধার পাত্র। এ সফরে তার সঙ্গে দেখা করার আমার খুবই ইচ্ছা ছিল তবে শেষ পর্যন্ত পারলাম না।"
গত ১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে এই প্রবীণ নেতাকে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিএম/এএল/জিএনএ/এসকে/২৩০৯ঘ.
bdnews24