রংপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর সরকারি কলেজে আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ ও জাসদ (ইনু) সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে এই সংঘর্ষের সময় দুটি বোমা ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ জাসদ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম শ্যামলসহ তিন নেতাকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর সরকারি কলেজের তৃতীয় ভবনের সামনে জাসদ ছাত্রলীগের একটি ব্যানার ছিলো। সেই ব্যানার আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ কর্মীরা খুলে তাদের ব্যানার টানায়।
শনিবার সকালে জাসদ ছাত্রলীগ কর্মীরা ওই ব্যানার খুলে আবার তাদের ব্যানার টানিয়ে দেয়।
এ নিয়ে দুপুর সোয়া ২টার দিকে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে দুটি বোমা বিস্ফোরিত হয়।
দুটি সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা, ছুরি, ছোট কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু বিকাল সোয়া ৩টায় আবারো দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
আহতদের মধ্যে আছেন- জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি রফিকুল ইসলাম, কলেজ শাখার নেতা রাহেল ও কর্মী মান্নান এবং ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ফখরুদ্দিন লিউ।
আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শ্যামল, রাহেল ও তানভীরকে পুলিশ পেটাতে পেটাতে গাড়িতে তুলে নিয়ে যায়।
তিনি ব্যানার খুলে ফেলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন।
অপরদিকে কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ফখরুদ্দিন লিউ ব্যানার খোলার বিষয়ে জাসদ ছাত্রলীগকে দায়ী করেছেন।
কলেজ অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, ব্যানার খুলে ফেলা নিয়ে কোনো ছাত্র সংগঠনই কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেনি। হঠাৎ করে আজ (শনিবার) তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জাসদ ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24