২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য ক্ষতির পরিমাণই বেশি: বাসদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে তাতে বাংলাদেশের জন্য লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি বলে দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 05:04 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে তাতে বাংলাদেশের জন্য লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি বলে দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন বাসদ নেতা খালেকুজ্জামান। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া শেখ হাসিনা মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন। খালেকুজ্জামান বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে যে সাফল্য ও আশাবাদ প্রচার করা হচ্ছে তা সুদূরপ্রসারী উন্নয়ন ও সার্বভৌমত্বের বিবেচনায় নিলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি দাঁড়াবে। ভারত-বাংলাদেশের ভারসাম্যহীন শক্তি সামর্থ্যকে বিবেচনায় না নিয়ে যেভাবে হিসেব করা হচ্ছে তাতে বড় ধরণের শুভঙ্করের ফাঁক ও ফাঁকি থেকে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২১২ঘ.