ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে' পরিবেশ ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার 'আন্তর্জাতিক বাংলাদেশ পরিবেশ সম্মেলন-২০১০'এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, "পরিবেশের বিষয়টি কোনো দলীয় এজেন্ডা নয়। এটা আমাদের জাতীয় অস্তিত্বের সঙ্গে জড়িত। কাজেই অন্তত এই ইস্যুতে জাতীয় ঐক্যমত গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।" (বিস্তারিত)
খালেদা জিয়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বিইএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা আগামীতে ক্ষমতায় গেলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় তার ১১ দফা পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসব পরিকল্পনার মধ্যে রয়েছে- উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে যুক্ত করা, উপকূলীয় অঞ্চলে নিবিড় বনায়ন-বৃক্ষ রোপণ, পাহাড় কাটা বন্ধ, বর্জ্য পরিশোধন ব্যবস্থা (ইটিপি) বাধ্যতামূলক করা, খাল খনন কর্মসূচি চালু, জীববৈচিত্র্য রক্ষায় হাওড়-বাওড়গুলোকে অভ্যয়ারণ্য ঘোষণা, বিষাক্ত রসায়নিক সার ও কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করা, নদী ও বৃক্ষনিধন রোধে কঠোর আইন প্রণয়ন, ঘনবসতি লোকালয় থেকে দূষিত বর্জ্য নিগর্মনকারী কারখানা দূরে স্থানান্তর করা।
ঢাকা শহর রক্ষায় বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী দখলমুক্ত করতে ব্যবস্থা গ্রহণ ও রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথ গড়ে তোলার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
এর আগে রোববার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ইস্যুতে কোনো প্রকার আপস করা হবে না বলে ঘোষণা দেন। বিরোধী দলীয় নেতা সমাপনী দিনে যে ১১ দফা পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ভাষণেও তার বেশিরভাগের উল্লেখ ছিল।
খালেদা জিয়া বলেন, বর্তমান মহাজোট সরকার তাদের ১১ দফা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিলে তিনি খুশি হবেন।
খালেদা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান উল্লেখ করে বলেন, "আমাদের এক হয়ে দেশের ভেতরে সব দল-মতের ওপরে উঠে কাজ করতে হবে। এজন্য ক্ষমতার দম্ভ ও দলীয় সঙ্কীর্ণতা পরিহার করা দরকার। আমাদের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সম্মিলিত প্রচেষ্টায়।"
আন্তর্জাতিক নদী থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, "প্রতিবেশী শক্তিমান রাষ্ট্র নদীর প্রবাহে বাঁধ দিয়ে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। আমাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে।"
তিনি ফারাক্কা বাঁধের প্রভাব ও টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের ফলে বাংলাদেশের মানুষের উদ্বেগের কথাও তুলে ধরেন।
এসব বিষয়ে বর্তমান সরকার ভারতের সঙ্গে আলোচনা করে 'জনগণের দাবির প্রতিফলন' ঘটাবে বলে আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা।
দীর্ঘ লিখিত বক্তব্যে তিনি আগামী বছর মেক্সিকোতে অনুষ্ঠিতব্য শীর্ষ জলবায়ু সম্মেলনের জন্য এখন থেকেই সরকারকে সব ধরনের প্রস্তুতি নেওয়ারও আহবান জানান।
জলবায়ু বিষয়টিতে তার দল গুরুত্ব দিচ্ছে জানিয়ে খালেদা জিয়া বলেন, "আমরা এজন্য দলে জলবায়ু বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করেছি।"
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ১৪টি বিশেষজ্ঞ অধিবেশন ও ৭টি কর্মঅধিবেশন অনুষ্ঠিত হয়।
পরে বিরোধী দলীয় নেতা পরিবেশ বিষয়ে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন শিক্ষার্থীর মধ্যে ট্রফি বিতরণ করেন।
বাপা'র চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন বাপা'র সহ সভাপতি ড. নজরুল ইসলাম, বিইএন'র মহাসচিব এম এ মতিন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, আ স ম হান্নান শাহ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৫৩ঘ.
bdnews24