২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মেয়রের শাস্তি চাইলেন নগর আওয়ামী লীগের একাংশের নেতারা

বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বৈঠক করায় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রীর প্রতি দাবি জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের একাংশের নেতারা। চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনের দলীয় সাংসদ ও নগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি'র অনুসারী হিসেবে পরিচিত এ অংশের নেতারা বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বৈঠক করায় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রীর প্রতি দাবি জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের একাংশের নেতারা। চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনের দলীয় সাংসদ ও নগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি'র অনুসারী হিসেবে পরিচিত এ অংশের নেতারা বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান। মঙ্গলবার রাতে সালাউদ্দিন কাদের বেশ কিছু লোকজন নিয়ে মেয়র মহিউদ্দিনের বাসায় দাওয়াত খেতে যান। ওই সময় তারা বেশ কিছু সময় একান্ত বৈঠক করেন। আওয়ামী লীগ নেতারা বিবৃতিতে ওই বৈঠককে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে অবমাননার শামিল বলে উল্লেখ করেন। মহিউদ্দিন মহানগর আওয়ামী লীগের সভাপতিও। মহানগর আওয়ামী লীগের সদস্য জামশেদুল আলম চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে নগর কমিটির সহ-সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, মাহতাব উদ্দিন চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, নগর নেতা আ জ ম নাছির উদ্দিন, শফিকুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, জালাল উদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও জামাল হোসেনের নাম রয়েছে। বিবৃতিতে তারা বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরী অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। যুদ্ধাপরাধীর অভিযোগে তার বিচারের জন্য আওয়ামী লীগ সোচ্চার রয়েছে। তা ছাড়া তিনি প্রতিনিয়ত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। "এ অবস্থায় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মহিউদ্দিনের বৈঠক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার শামিল। এ জন্য মহিউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। মঙ্গলবার রাতে মেয়রের বাসায় যাওয়ার পর সালাউদ্দিন কাদের বিষয়টিকে শুধু ঈদ শুভেচ্ছা বিনিময় বলে জানান। চট্টগ্রাম আওয়ামীলীগের রাজনীতিতে মেয়র মহিউদ্দিন ও সাংসদ নুরুল ইসলাম দুই মেরুর নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগের একটি অংশ মেয়রের অনুসারী হলেও অপর অংশটি নুরুলের নেতৃত্বে আলাদাভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২৩২৩