ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব সফররত বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার মক্কায় মসজিদুল হারামে শবে কদরের ইবাদত বন্দেগী করেন। তিনি সেখানে সফরসঙ্গীদেরসহ ইফতার করেন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মঙ্গলবার দ্বিতীয় দফা ওমরাহ পালন করেন। বুধবার পবিত্র শবে কদরের রাত হওয়ায় তিনি বিকেল থেকে মসজিদুল হারামে ইবাদত বন্দেগীতে মশগুল আছেন। তিনি দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে দোয়াও করেন।
তিনি আরও জানান, মসজিদুল হারামে খালেদা জিয়া ইফতার করেন। হারাম শরীফে ইফতার ও ইবাদত বন্দেগীর সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তাদের দুই মেয়ে জাসিয়া রহমান ও জাহিয়া রহমান, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ছিলেন।
আগামী ১৯ সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরবেন বলে প্রেস সচিব জানান।
গত শুক্রবার সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে খালেদা জিয়া ওমরাহ করতে সৌদি আরব যান। শনিবার তিনি ওমরাহ পালন এবং রোববার মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২০৫২ঘ.
bdnews24