ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি-জায়ামাত জোট সরকারের সময় 'উন্নয়ন বঞ্চিত' এলাকাগুলোর উন্নয়নে
বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাংসদরা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের এক সভায় সাংসদরা এ দাবি জানালে প্রধানমন্ত্রী বিষয়টির তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
জাতীয় সংসদে সরকারি দলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভা শেষে মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের কাছে বৈঠকে আলোচিত বিষয় তুলে ধরেন।
তিনি জানান, সরকারি দলের সাংসদরা স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে বিগত জোট সরকারের 'সাংসদ, চেয়ারম্যান ও অগ্রবর্তী কর্মকর্তা-কর্মচারিদের' দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এসব দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত করে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
আব্দুস শহীদ বলেন, "অতীতে যারা এমপি-চেয়ারম্যান ছিলো, তারা দুর্নীতি করেছে। এতে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। কারণ, এর ভেতরেও একটি সিন্ডিকেট কাজ করছে। কোনো প্রকল্প দিলে তাদের ( বিরোধী দলের) ফ্রন্ট লাইনের লোকেরা বাধা সৃষ্টি করছে।"
শহীদ আরও জানান, উন্নয়ন বরাদ্দ সুষমভাবে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
এ প্রক্রিয়া আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
সভায় সাংসদরা জানিয়েছেন, চালের দাম কমে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদরা অনুরোধ করেছেন বলেও জানান শহীদ।
জাতীয় সংসদের চলতি তৃতীয় অধিবেশন শুরু হওয়ার পর এটাই আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/এসএইচ/২৩১৫ ঘ.
bdnews24