২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিলের জন্য খালেদা-তারেকের আবেদন

জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিম খানা) দুর্নীতি মামলা বাতিলের জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করেছেন। মঙ্গলবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চে তাদের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আবেদন দু'টি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিম খানা) দুর্নীতি মামলা বাতিলের জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করেছেন। মঙ্গলবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চে তাদের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আবেদন দু'টি দায়ের করেন। এ বিষয়ে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে দু'টি আবেদন দায়ের করা হয়েছে। আগামীকাল (বুধবার) আবেদন দু'টির ওপর হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হতে পারে। মামলা বাতিলের আবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ছাড়াই দুদকের উপপরিচালক এ মামলাটি দায়ের করেন। দুদকের অনুমোদন ছাড়াই তিনি এ মামলায় অভিযোগপত্র দাখিল করেছেন। এছাড়া মামলা দায়েরের ৩৯২ দিন পর অভিযোগ পত্র দেওয়া হয়। দুদক আইন অনুযায়ী মামলা দায়েরের ৬০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়নি। গত বচরের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ ৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশিদ। মামলায় মোমিনুর রহমান, কাজী সালিমুল হক, সরফুদ্দিন আহমেদ, সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে আসামী করা হয়। এ মামলায় দুদকের উপপরিচালক হারুন অর রশিদ গত ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, মোমিনুর রহমান, কাজী সলিমুল হক, সরফুদ্দিন আহমেদ ও ড. কামালউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রে সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। গত ৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই আদালত আগামী ২৫ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। এছাড়া কামালউদ্দিন সিদ্দিকী ও মোমিনুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি করে ওই আদালত। গতবছরের ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। গত ২ আগস্ট এ মামলায় তার জামিন বহাল রাখে সুপ্রিম কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮০৭ ঘ.