২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জায়গা দখলের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আহত

একটি জায়গা দখলের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি রাজীবুল আহসান সুমন গুরুতর আহত হয়েছেন। নগরীর খুলশী থানার বিশ্ব কলোনি আবাসিক এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি জায়গা দখলের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি রাজীবুল আহসান সুমন গুরুতর আহত হয়েছেন। নগরীর খুলশী থানার বিশ্ব কলোনি আবাসিক এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়। জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, নিজের কেনা জায়গার দখল নিতে গিয়ে আহত হন সুমন। তবে স্থানীয়রা বলেন, একটি কবরস্থানের জায়গা দখল করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে তিনি আহত হন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুমন কারও জমি দখল করতে নয়, নিজের কেনা জমির দখল নিতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে।" সালাম সন্ধ্যায় সুমনকে হাসপাতালে দেখে এসে জানান, "তার অবস্থা আশঙ্কাজনক। সুমনের সঙ্গে খোকনও আহত হয়েছেন বলে তিনি জানান। খোকনের কাছ থেকেই সুমন জমিটি কিনেছেন বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ব কলোনির এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," শুক্রবার ভোরে ফজরের নামাজের পর সুমন ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে জামেরখীল মসজিদ লাগোয়া কবরস্থানের জায়গা দখল করতে আসেন। এ সময় নামাজ পড়ে বের হওয়া স্থানীয় লোকজন তাদের ধরে পিটুনি দেয়।" সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের ৬৫ নম্বর বেডে চিকিৎসাধীন থাকলেও ওই হাসপাতালের রোগীর রেজিস্ট্রারে তার নাম পাওয়া যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএইচ/২৩৫০ ঘ.