নারায়নগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির দুই গ্রুপ একই সময়ে সমাবেশ ডাকায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুদ্দিন শুক্রবার সকাল ১০টায় ফরাজীকান্দা এলাকা থেকে সমাবেশ করে আনন্দ মিছিল বের করার ঘোষণা দেয়।
অপরদিকে বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সমর্থকরা এ কমিটি বাতিলের দাবিতে একই স্থানে পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। ফলে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ শুক্রবার সকাল ৮টা থেকে ফরাজীকান্দায় ১৪৪ ধারা জারি করে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকেই সমাবেশ করতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার গত মঙ্গলবার নুরুদ্দিনকে আহবায়ক করে ৩১ সদস্যের বন্দর উপজেলা কমিটি ঘোষণা করেন।
বন্দর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেন। মুকুল সমর্থকরা এ কমিটি বাতিলের দাবি জানায়।
শুক্রবার সকালে বন্দর নবীগঞ্জ এলাকায় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে নেতাকর্মীরা মো. নুরুদ্দিনের নেতৃত্বাধীন কমিটি ৭২ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানায়।
আতাউর রহমান মুকুল সাংবাদিকদের জানান, সমর্থকরা তাকে আহবায়ক করে পাল্টা কমিটি ঘোষণা করেছে। নুরুদ্দিনের নেতৃত্বাধীন আহবায়ক কমিটি থেকে আব্দুল করিম, হানিফ শেখ, আবুল হোসেন, আব্দুস সোবহানসহ নয়জন পদত্যাগ করে এ গ্রুপে যোগ দিয়েছেন।
মুকুল গ্রুপের নেতাকর্মীরা পরে প্রতিবাদ মিছিল করে। মিছিলটি কদম রসুল পৌর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অন্যদিকে সকাল ১০টায় কলাগাছিয়া এলাকায় নুরুদ্দিন সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি ফরাজীকান্দা এলাকার দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয় ও এক পর্যায়ে ছত্রভঙ্গ করে দেয়।
বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল দাবি করেন, ঘোষিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা দলের কেউ না। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। দুঃসময়ে যারা বিএনপির পাশে ছিল তাদেরকে কমিটিতে রাখা হয়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেতাকর্মীদের মতামত ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। কমিটি থেকে যে নয়জন পদত্যাগ করেছেন তারা নিজেরা জানতেন না তাদেরকে আহবায়ক কমিটিতে রাখা হয়েছে। কমিটির আরও সদস্যের পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ব্যাপারে বন্দর উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুদ্দিনের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24