২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ প্রশাসন ও বিচার বিভাগকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করছে : দেলোয়ার

বর্তমান সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে প্রশাসন ও বিচার বিভাগকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে দু'দিনের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে প্রশাসন ও বিচার বিভাগকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে দু'দিনের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। দেলোয়ার বলেন, ''প্রশাসনে দলীয় ব্যক্তিদের পদোন্নতি দেওয়া হচ্ছে। নিরপেক্ষরা বঞ্চিত হচ্ছেন। বিচার বিভাগের ক্ষেত্রেও একই অবস্থা। জিয়া অরফানেজ (এতিম খানা) মামলায় বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। "এভাবে আওয়ামী লীগ প্রশাসন ও বিচার বিভাগকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।'' গত বছরের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপরে খালেদার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। তার কারামুক্তি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার এ আলোচনা সভা হয়। এর আগে যুব দলের উদ্যোগে বর্ণাঢ্য মৌন শোভাযাত্রা বের করা হয়। এছাড়া শুক্রবার সকালে শেরে-বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, "ভারত বাংলাদেশকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে। আওয়ামী লীগ সরকারকে নিয়ে তারা পুতুল নাচ খেলছে। সে জন্যই ভারত এখন বলছে, শেখ হাসিনা বিপদে পড়েন এমন কোনো কাজ তারা করবে না।'' তিনি দেশের স্বার্থ রক্ষায় দলকে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। যুবদলের শোভাযাত্রাটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিজয় নগর, তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাব হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি, মহিলা দল, ছাত্র দলসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। শোভাযাত্রায় নেতা-কর্মীরা খালেদা জিয়ার নামে শ্লোগান দেয় এবং তার ছবি সম্বলিত প্ল্যাকার্ডও বহন করে। এ কর্মসূচির কারণে রাজধানীর ব্যস্ত এলাকা পল্টন, বিজয় নগর, তোপখানা রোড, কাকরাইলসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রা কর্মসূচি শুরু করার আগে দেলোয়ার বলেন, "সরকার রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। নিজেদের সব মামলা প্রত্যাহার করে আইন লঙ্ঘন করছে তারা।" তিনি খালেদা জিয়া, তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করারও দাবি জানান। বিডিআর-এর ঘটনার সঙ্গে সরকারের একটি অংশ ও বিদেশীর হাত রয়েছে বলেও অভিযোগ করেন দেলোয়ার। আলোচনা সভায় সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করে বলেন, "আমাদের জাতীয়তাবাদী নেত্রী খালেদা জিয়ার চারপাশে বেশকিছু পোঁকা-মাকড় রয়েছে। এদের হাত থেকে নেত্রীকে মুক্ত রাখতে হবে, এ ব্যাপারে আমাদের সর্তক থাকা চাই। কারণ, মোমবাতি থাকলে তার চারপাশে পোঁকা-মাকড় থাকবেই।'' এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি এম কে আনোয়ার, সাংবাদিক শফিক রেহমান, দলের যুগ্ম- মহাসচিব মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুব দলের সভাপতি সাংসদ বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু , সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৮৫২ ঘ.