ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক ইফতার ও দোয়া মাহফিল শেষে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।"
তিনি বিরোধীদলকে উদ্দেশ করে বলেন, "দেশের পরিবেশ অশান্ত করবেন না। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। জনগণ আমাদের পাশে আছে।"
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ইফতার মাহফিলে হানিফ আরও বলেন, "সরকার তার ঘোষিত নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে।
"লক্ষ্য বাস্তবায়নের কোনো বাধা এলে যে কোনো মূল্যে তা অপসারণ করা হবে। তবে আমাদের পথ মসৃণ নয়।"
তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের যে কোন চক্রান্ত মোকাবেলা করার আহবান জানিয়ে বলেন, "শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।"
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ^াসের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/২২৫৫ ঘ.
bdnews24