ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অ্যাকশনে আহত তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে যান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
মতিয়া চৌধুরী এবং মাহাবুব-উল-হক হানিফ পৃথকভাবে হাসপাতালে গিয়ে আনু মুহাম্মদের সঙ্গে কথা বলেন এবং তার খোঁজ-খবর নেন।
হাসপাতাল থেকে বেরিয়ে এসে পুলিশের 'হামলার' ঘটনাকে 'অনভিপ্রেত' হিসাবে আখ্যায়িত করে মতিয়া চৌধুরী জানান, এর তদন্ত হচ্ছে।
অন্যদিকে, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, "প্রশাসনে বিএনপি'র যে লোকজন রয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। সরকারকে বিপদে ফেলতে তারা এই ঘটনা ঘটাতে পারে।"
এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে জানানো হয়েছে, অধ্যাপক আনু মুহাম্মদের সঙ্গে সাক্ষাত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমবেদনা প্রকাশ এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি এসময় বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে গত আট মাসে কোনো রাজনৈতিক কর্মসূচীতে বাধা দেওয়া হয়নি। কোনো 'অতি উৎসাহী ব্যক্তি' এই ঘটনা ঘটিয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে দেখছে।
বিকালে প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা এইচ টি ইমামও আনু মুহাম্মদকে দেখতে হাসপাতালে যান।
বিদেশী কোম্পানিকে সাগরের তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রতিবাদে বুধবার জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। পুলিশের পিটুনিতে এসময় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদসহ অনেকে আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৩৫ঘ.
bdnews24