২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি নেতা নোমানের জমি দখলের চেষ্টার অভিযোগ

বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মালিকানাধীন একটি জায়গা মঙ্গলবার অজ্ঞাত দুর্বৃত্তরা দখলের চেষ্টা চালিয়েছে। নোমান এ ঘটনার জন্য ছাত্রলীগ কর্মীদের দায়ী করে বলেছেন, মেয়র মহিউদ্দিন চৌধুরীর ভাগিনার নেতৃত্বে পলিটেকনিক ইনস্টিটিউট ভিত্তিক ছাত্রলীগের একটি দল তার জমি দখলের চেষ্টা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মালিকানাধীন একটি জায়গা মঙ্গলবার অজ্ঞাত দুর্বৃত্তরা দখলের চেষ্টা চালিয়েছে। নোমান এ ঘটনার জন্য ছাত্রলীগ কর্মীদের দায়ী করে বলেছেন, মেয়র মহিউদ্দিন চৌধুরীর ভাগিনার নেতৃত্বে পলিটেকনিক ইনস্টিটিউট ভিত্তিক ছাত্রলীগের একটি দল তার জমি দখলের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মহানগরীর নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে নোমানের ১৫ কাঠা জমিতে বাশঁ দিয়ে ঘর বানানোর চেষ্টা চালায় একদল যুবক। পরে নোমানের কাছ থেকে অভিযোগ পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ সেখান থেকে বাঁশসহ ঘর বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। বর্তমানে ঢাকায় অবস্থান করা আবদুল্লাহ আল নোমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ বছর আগে আমি এ জায়গাটি কিনেছিলাম। বর্তমানে তা খালি পড়ে আছে। এ জায়গা নিয়ে কোন বিরোধ নেই। তাই কারও পক্ষে তা দখলের প্রশ্নই ওঠে না। খুলশী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়গা দখলের সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে ঘর বানানোর চেষ্টা ভন্ডুল করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুর্বত্তরা পালিয়ে যায় বলেও দাবি করেন ইলিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/০০৪০ঘ.