ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মানসূচক পদক 'প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম' লাভ করায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার সকালে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করে তার কাছে খালেদা জিয়ার অভিনন্দনপত্রটি হস্তান্তর করেন।
চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা প্রথম বাংলাদেশী হিসেবে ড. ইউনূস এ পদক অর্জন করায় দেশ গৌরবমণ্ডিত হয়েছে বলে উল্লেখ করেন।
এতে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইউনূস বিদেশে দেশের ভাবমূর্তি বাড়াতে এবং দেশের কল্যাণে তার মেধা ও যোগ্যতার প্রয়োগ অব্যাহত রাখবেন।
খালেদা জিয়া তার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবনও কামনা করেন।
গত ১২ আগস্ট হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার হাত থেকে ইউনূস মেডেল অব ফ্রিডম পদক গ্রহণ করেন।
রোববার ইউনূসকে খালেদার চিঠি হস্তান্তরের পর নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার অভিনন্দন বার্তা অধ্যাপক ইউনূসকে দিয়েছি। ইউনূস একটি নতুন ক্ষেত্রে কর্মযজ্ঞ শুরু করে বিপুল সাফল্য এবং বিশ্ববাসীর স্বীকৃতি ও সম্মান অর্জন করেছেন।
"যুক্তরাষ্ট্রের 'মেডেল অব ফ্রিডম' অর্জনের এ সম্মান শুধু তার একার নয়। বাংলাদেশ ও দেশের জনগণও তার সাফল্যের এ স্বীকৃতিতে সম্মানবোধ করছে। এ অনুভূতি থেকে দেশনেত্রী তাকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন।"
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন
bdnews24