ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার আমলে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও 'আইওয়াশ' করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
একই সঙ্গে তিনি প্রথমেই বিরোধী দলীয় নেতা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।
বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশে দেলোয়ার বলেন, "সরকার দলীয় নেতাদের সব মামলা প্রত্যাহার করা হচ্ছে। আর আমাদের একটি মাত্র মামলা প্রত্যাহার করে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। এটা তাদের আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। প্রথমেই খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে।''
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে 'জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারি দলের নেতাদের কথিত কটুক্তি'র প্রতিবাদে এই সমাবেশ হয়।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির বৈঠকে সরকারি দলের নেতাদের বিরুদ্ধে দায়ের ১০৫ টি মামলার পাশাপাশি বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের একটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পর্যন্ত সরকারি দলের নেতাদের সাড়ে চারশ' রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে দেলোয়ার বলেন, "এভাবে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। সরকার জনগণের সঙ্গে এ নিয়ে প্রতারণা করছে।
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে তিনি বলেন, "সরকার রমজান মাসে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারেনি। মানুষের নাভিশ্বাস উঠেছে।
"তাদের এই ব্যর্থতাকে আড়াল করতে সরকার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে।''
বিএনপি মহাসচিব সরকারী দলের বিরুদ্ধে আবারও নির্বাচনী প্রতিশ্র"তি রক্ষায় ব্যর্থতা এবং বিরোধী দলকে মামলা ও নির্যাতনের মাধ্যমে ব্যস্ত রাখার অভিযোগ করেন।
সরকারকে এ পথ পরিহার করে তাদের দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানান তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার অভিযোগও পুনর্ব্যক্ত করে দেলোয়ার বলেন, "বিএনপিসহ দেশপ্রেমিক জনগণকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। দেশের স্বার্থ বিরোধী যেকোনো তৎপরতা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে।''
সমাবেশে বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, সাংসদ নিলুফার ইয়াসমিন মনি, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মহিলা দলের শিরিন সুলতানা, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এসকে/১৮২৪ঘ.
bdnews24