চাঁদপুর, আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অসৌজন্যমূলক আচরণের জন্য চাঁদপুর জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য শরীফ মো. ইউনুসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের সকল পর্যায় থেকে আগামী ৬ মাসের জন্য তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিএনপি'র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, শরীফ মো. ইউনুস লোকজনসহ ১৪ আগস্ট জেলা বিএনপি'র আহ্বায়ক সফিউদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে অকথ্য গালাগালি করেন এবং হুমকি দেন। তার এ আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং দলের স্বার্থবিরোধী। বিষয়টি দলের চেয়ারপার্সনকে অবহিত করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৪ আগস্ট ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে শরীফ মো. ইউনুসকে সদস্য রাখা হয়। এ নিয়ে ক্ষুব্ধ শরীফ মো. ইউনুস নিজেকে আহ্বায়ক ঘোষণা করে ১৯ আগস্ট ৬৩ সদস্যের পাল্টা উপজেলা কমিটি করেন।
চাঁদপুর জেলা বিএনপি'র আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি দলীয় সিদ্ধান্ত। সে (শরীফ মো. ইউনুস) আমার সঙ্গে বেয়াদবী করেছেন। তাই তাকে শাসন করা হয়েছে। সে আমার ছেলের সমান। সময় সুযোগ মতো তাকে ক্ষমা করে দেওয়া হবে।"
শরীফ মো. ইউনুস বলেন, "যেহেতু দলের চেয়ারপার্সনকে অবহিত করে আমাকে বহিষ্কার করা হয়েছে। তাই আমি এটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24