২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট দায়িত্ব অবহেলাকারী সেনা কর্মকর্তাদের বিচার হওয়া উচিত : সেলিম

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যেসব সেনা কর্মকর্তা দায়িত্ব পালন করেননি তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

গাজীপুর, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যেসব সেনা কর্মকর্তা দায়িত্ব পালন করেননি তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বুধবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি বলেন, "হত্যাকাণ্ডের পৌনে একঘণ্টা আগে বঙ্গবন্ধু তখনকার সেনা প্রধান কে এম সফিউল্লাহ এবং অন্য সেনা কর্মকর্তাদের ফোন করেছিলেন। তবে তাকে (বঙ্গবন্ধু) রক্ষার জন্য কেউ দায়িত্ব পালন করেননি।" সেনা কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় বঙ্গবন্ধুকে হারাতে হয়েছে বলে মন্তব্য করে সেলিম বলেন, "ওইদিন যারা দায়িত্ব পালন করেননি তাদের বিচার হওয়া উচিত।" বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে কারা আছে তা তদন্তের জন্য একটি কমিশন করা উচিত বলে জানিয়ে তিনি বলেন, "তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যতদিন বঙ্গবন্ধু হত্যার বিচার না হবে ততদিন এ দেশের মানুষের মনে শান্তি আসবে না।" বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. তোফায়েল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/এসকে/২২০০ঘ.