২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিজেদের তত্ত্বাবধানে নির্বাচন করতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল চায় আ'লীগ'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, নিজেদের তত্ত্বাবধানে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্যই মহাজোট সরকার এ সরকার ব্যবস্থার পরিবর্তন চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, নিজেদের তত্ত্বাবধানে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্যই মহাজোট সরকার এ সরকার ব্যবস্থার পরিবর্তন চায়। বুধবার বিকেলে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, "তারা বুঝতে পেরেছে, এবারের মতো ভোট জালিয়াতি করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। তাই এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আগামীবার নিজেরাই ক্ষমতায় থেকে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পবির্তন করতে চাচ্ছে। এটা তাদের দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়। এটা কোনো দিন সফল হবে না।" গত মঙ্গলবার যুব লীগের এক আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ সরকার ব্যবস্থা থাকবে কি না সেব্যাপারে আলোচনা হওয়া দরকার বলে অভিমত দেন। আওয়ামী লীগ ও জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলেও এখন এ সরকার ব্যবস্থা পরিবর্তনের পক্ষে বিএনপি নয় বলেও জানান তিনি। এ সম্পর্কে সাবেক এই চিফ হুইপ বলেন, "আমরা ওই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম না। এটা আওয়ামী লীগ ও জামায়াতের দাবি ছিল। তখন ছিল এটা তাদের কাছে মিষ্টি । এখন কেনো তাদের কাছে ওই ব্যবস্থা এতো তিতা লাগছে।" জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার কবরে ফুল দিতে যান দেলোয়ার। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, সরাফত আলি সফু, জাকির হেসেন মিজান, গুলজার আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেলোয়ার অভিযোগ করেন, "সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের সর্বত্র বিরামহীনভাবে চাঁদাবাজি, দুর্নীতি চলছে। এই সরকার বিদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করছে। জনগণের কল্যাণ তাদের উদ্দেশ্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/১৯৩০ ঘ.