২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি তদন্তের বৈধতা চ্যালেঞ্জ জমিরউদ্দিনের

দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন, কমিটির কার্যক্রম এবং এর সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার। রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চে জমিরউদ্দিন সরকার আবেদনটি দায়ের করেন। আদালত এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 09:23 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন, কমিটির কার্যক্রম এবং এর সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার। রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চে জমিরউদ্দিন সরকার আবেদনটি দায়ের করেন। আদালত এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছে। তার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান আবেদনটি আদালতে উপস্থাপন করে বলেন, সংসদীয় কমিটি করে কারো সংসদ সদস্যপদ বাতিল করা যায় না। সংবিধানে উল্লেখ রয়েছে কী কী কারণে কারো সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। আদালত বলেছে, আবেদনটিতে সাংবিধানিক প্রশ্ন জড়িত। তাই এর ওপর বিস্তারিত শুনানি গ্রহণ প্রয়োজন। আগামী ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করা হল। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানও আদালতের বক্তব্য সমর্থন করে বলেন, আবেদনের ওপর বিস্তারিত শুনানি হওয়া প্রয়োজন। আদালতে জমিরউদ্দিনের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। রিট আবেদনে জমিরউদ্দিনের দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটির প্রতিবেদন ও এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। গত ৫ জুলাই ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় কমিটি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জমিরউদ্দিনের সংসদ সদস্য পদ বাতিল ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, উপ-সচিব ও ফজলে রাব্বীসহ সংসদীয় কমিটির ১১ সদস্যকে বিবাদী করা হয়েছে। সাংসদদের দাবির মুখে গত ২২ মার্চ স্পিকার আব্দুল হামিদ ওই সংসদীয় কমিটি গঠন করেন। কমিটি আত্মপক্ষ সমর্থনের জন্য জমিরউদ্দিনকে তলব করলেও তিনি যাননি। এ কমিটি গঠন সংসদীয় কার্যপ্রণালীর বিধি অনুযায়ী করা হয়নি বলে রিট আবেদনে দাবি করা হয়েছে। আবেদনে এ কমিটি গঠন, কমিটির কার্যক্রম এবং এর প্রতিবেদন ও সুপারিশ অবৈধ ঘোষণারও দাবি জানানো হয়। জমিরউদ্দিনের অভিযোগ, তাকে হয়রানির জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংসদীয় কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমআই/এইচএ/২২৪০ ঘ.