পাবনা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপিদলীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড 'অপরিহার্য ছিল' বলে সালাউদ্দিন কাদের যে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন সেজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।"
শনিবার পাবনা শহরের দোয়েল সেন্টারে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "দেশ নিয়ে আবার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার বিচার প্রক্রিয়া যখন আবার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে তখনই আবার শেখ হাসিনাকে হত্যার টার্গেট নিয়ে ঘাতকচক্র ষড়যন্ত্র শুরু করেছে।"
শামসুল হক বলেন, "১০ ট্রাক অস্ত্রের চালানে যেসব গ্রেনেড ছিল সে রকম গ্রেনেড দিয়ে ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলা করা হয়েছিল।"
১০ ট্রাক অস্ত্র চোরাচালানের জন্য তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে দায়ী করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ শামসুর রহমান শরীফ, সাবেক সাংসদ গোলাম হাসনায়েন, আমজাদ হোসেন, পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদর আলী বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী শোক মিছিলে নেতৃত্ব দেন।
শোক দিবসের আলোচনার পর তিনি পাবনা টাউন হলে রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24