ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি শেষে শিগগিরই ঘাতকদের ফাঁসির রায় কার্যকর হবে বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, " আর বেশি অপেক্ষা করতে হবে না। আশা করি, আদালতের সর্বোচ্চ পর্যায়ে বঙ্গবন্ধু হত্যার ফাঁসির রায়ের ওপর শুনানি শুরু হবে।
"হাইকোর্ট ও জর্জ কোর্ট যে রায় দিয়েছে আশা করি সুপ্রিম কোর্টও তা বহাল রাখবে। জাতির জনকের হত্যাকারীদের রায় আমরা যেটা আশা করছি সেটাই হবে ও সেই রায় কার্যকর করা হবে।"
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এর ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০ জনকে আসামি করে মামলা হয়।
১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
তবে আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারকের অভাবে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ মামলার চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। আপিল বিভাগে বিচারকের সঙ্কট এখন নেই। মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিও মামলাটি শেষ করার পদক্ষেপ শুরু করেছেন।
আইনমন্ত্রী শফিক আহমেদ আশা প্রকাশ করছেন, এ বছরের মধ্যেই মামলা নিষ্পত্তির পর অপরাধীদের শাস্তি দেওয়া যাবে।
বিদেশে পালিয়ে থাকা ঘাতকদের ফিরিয়ে আনার বিষয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ বলেন, "সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা থাকতে পারে। তবে আপনারা জানেন বন্দি বিনিময় চুক্তি না থাকা সত্ত্বেও অনেককে দেশে আনা হয়েছে এবং এ ব্যাপারে কাজ চলছে। আশা কারছি, অনতিবিলম্বে অনেককেই দেশে ফিরিয়ে আনা যাবে।"
বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ নেতা নজরুলকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। একইসঙ্গে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও মনসুর আলীকে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদসহ বাকিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24