২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিন যাচ্ছে আর বাড়ছে 'আমি না' ক্লাবের সদস্য সংখ্যা: সাকা চৌধুরী

২০০৭ সালের ১১ জানুয়ারির জরুরি অবস্থা জারির সঙ্গে জড়িত নয় দাবিকারীদের 'আমি না' ক্লাবের সদস্য হিসেবে অভিহিত করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দিন যাচ্ছে আর 'আমি না' ক্লাবের সদস্য সংখ্যা বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ১১ জানুয়ারির জরুরি অবস্থা জারির সঙ্গে জড়িত নয় দাবিকারীদের 'আমি না' ক্লাবের সদস্য হিসেবে অভিহিত করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দিন যাচ্ছে আর 'আমি না' ক্লাবের সদস্য সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি একথা বলেন। বিএনপি সাংসদ সালাউদ্দিন বলেন, "১/১১ এর মাধ্যমে যারা দেশের সংবিধান পদে পদে লঙ্ঘন করেছেন, গণহারে সংবিধান ধর্ষণ করেছেন, তারাই আজ 'আমি না' নামক একটি ক্লাব গঠন করে উল্টো সুরে কথা বলছেন। "কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ১/১১ এর সঙ্গে তার দেশ জড়িত নয়। জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও বলছেন- আমি না। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীও বলছেন একই কথা। "এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সাবেক সেনাপ্রধান জেনারেল মইনও বলছেন, আমি না। যত দিন যাচ্ছে, আমি না ক্লাবের সদস্য সংখ্যাও বাড়ছে।" সাকা চৌধুরী এর আগে গত বুধবার ১/১১ এর ঘটনার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির দেওয়া এক বক্তব্যের জন্য তাকে সাধুবাদ জানান। তিনি বলেন, "দেরি হলেও যুক্তরাষ্ট্র ও তার রাষ্ট্রদূত বুঝতে পেরেছেন, ১/১১ এর ঘটনা প্রবাহকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। তাই এখন তারা সমস্বরে বলছেন, আমরা ওই ঘটনার সঙ্গে জড়িত নই।'' মরিয়ার্টি গত মঙ্গলবার কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বলেন, ''১/১১ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্য বিদেশি কূটনীতিকরা জড়িত ছিলেন না।" ২০০৭ সালে দেশে বিদ্যমান গোলযোগের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে প্রভাবশালী কূটনীতিকদের চাপ বা সমর্থন কাজ করেছে বলে ব্যাপকভাবে মনে করা হয়। ১/১১ এর মাধ্যমে দেশে আগ্রাসন শুরু হওয়ার অভিযোগ তুলে সালাউদ্দিন বলেন, "বিদেশি কূটনীতিকরা এসে আমাদের খুতবা দেন। দেশের মানুষকে পিনাক (ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী) বাবুরা টাউট-বাটপার বলার সাহস পান। তারপরও সরকার দাদা বাবুদের কথার জবাব দেন না, নিশ্চুপ থাকেন।" তিনি আরও অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগের নেতারাই বলেছেন, ১/১১ এর জরুরি সরকার তাদের আন্দোলনের ফসল। দুই বছর পর ওই ফসল ঘরে তুলে তারা সরকার গঠন করেছেন।" এ সময় দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সরকার ব্যর্থ হলে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে বিকল্প নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির এই নেতা। প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিক রাজনীতিক আনোয়ার জাহিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ার জাহিদ স্মৃতি পরিষদ এ স্মরণসভার আয়োজন করে। সভায় আনোয়ার জাহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাকা চৌধুরী বলেন, "২০০১ সালে আমাদের সরকার গঠনের পেছনে আনোয়ার জাহিদের অবদান ছিল। কিন্তু আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি। আজ আমরা তাকে অবমূল্যায়নের কাফফারা দিচ্ছি।" এ সময় তিনি আনোয়ার জাহিদের মতো রাজনীতিকের দর্শন থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। প্রয়াত বিএনপি নেতা আনোয়ার জাহিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৫৫১ ঘ.