ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় দুই আসামিকে জামিন দিয়েছে আদালত।
এরা হলেন- আরিফ হাসান সুমন এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান। তবে হুজি নেতা মুফতি হান্নান এবং বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
রাজধানীর নাজিমউদ্দীন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাসদার হোসেন এক লাখ টাকা করে মুচলেকায় সুমন এবং মহিবুল্লাহকে জামিন দেন।
গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় এ দুজন অভিযুক্ত।
মহিবুল্লাহ সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলার মামলায়ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।
বিচারক তার জামিন আদেশে বলেন, এক সপ্তাহ পর পর আসামি দুজনকে তাদের নিজ নিজ এলাকার থানায় হাজিরা দিতে হবে।
আদালতের আদেশে বলা হয়, সুমন ও মহিবুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও নিজের অপরাধের বাইরে রেখে তা দিয়েছেন।
এ বিবেচনায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে বিচারক জানান।
হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান এবং সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর পক্ষেও জামিনের আবেদন জানানো হয়। তবে তা নাকচ করে আদালত।
আরিফ হাসান সুমনের আইনজীবী আমিনুল গণি টিটো দাবি করেছেন, এ মামলায় এই প্রথম দুজন অভিযুক্তকে জামিন দিলেন বিচারক।
আইনজীবী জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলার সঙ্গে আরও ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় আরিফ হাসানকে। এর মধ্যে এ নিয়ে চারটি মামলায় জামিন পেলেন তিনি ।
এর আগে আরিফকে রমনা বটমূল এবং সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মহিবুল্লার আইনজীবী লুৎফর রহমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহিবুল্লাহ ২১ আগস্টের গ্রেনেড হামলার দুই মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।"
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৩ আগস্ট মামলাটি দুটির অধিকতর তদন্ত করে দুই মাসের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও রয়েছে সিআইডির বিরুদ্ধে।
ঘটনার প্রায় চার বছর পর ২০০৮ সালের ১১ জুন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটির অভিযোগপত্র দাখিল করেন।
সিআইডির দেওয়া অভিযোগপত্রে পিন্টু, তার ভাই সন্দেহভাজন গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়।
এদের মধ্যে পিন্টু ও মুফতি হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৫১০ ঘ.
bdnews24