২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিনের আবেদন তালিকা থেকে বাদ দিল হাইকোর্ট

গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ চেয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের দায়ের করা রিট আবেদন তালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 08:31 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ চেয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের দায়ের করা রিট আবেদন তালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ এ আদেশ দেয়। রিট আবেদনটি এ আদালতের দৈনিক কার্যতালিকার ২০ নং ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। আদেশের পর সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিনের রিট আবেদন মঞ্জুর করতে চায়নি আদালত। এ অবস্থায় রিট আবেদনকারীর আইনজীবী হাইকোর্টের অন্য বেঞ্চে এটি পরিচালনা করতে চান। আদালত তখন আবেদনটি তালিকা থেকে বাদ দিয়ে দেয়।" মতিনের পক্ষে আবেদনটির ওপর শুনানিতে অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, "গত ৩১ জুলাই রাতে পুলিশ মতিনের চট্টগ্রামের বাসভবনে তল্লাশি চালায়। এর আগে সংসদীয় কমিটি তাকে তলব করেছিল। কিন্তু কমিটি থেকেই বলা হয়েছে, অভিযোগের প্রয়োজনীয় কাগজপত্র তাদের হাতে রয়েছে। তাই তার (মতিন) হাজির হওয়ার আর দরকার নেই। এরপরও পুলিশ তার বাসভবনে তল্লাশি চালায়।" তিনি বলেন, "এ অবস্থায় তাকে গ্রেপ্তার ও হয়রানি না করতে আদালতের নির্দেশ প্রয়োজন।" গত রোববার মতিন হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করেন। এম এ মতিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়ম তদন্তে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অভিযোগ, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সাবেক উপদেষ্টা মতিন তার শেষ কর্মদিবসে 'ইসহাক ব্রাদাসর্' নামের একটি নতুন কোম্পানিকে কাজ পাইয়ে দেন। বিষয়টি খতিয়ে দেখতে সরকার দলীয় সাংসদ মো. শাহ আলমের নেতৃত্বে চার সদস্যের একটি উপ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী ও নজরুল ইসলাম এবং বিএনপি'র মোস্তফা কামাল পাশা। এ অভিযোগ তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ২৭ মে চার সদস্যের এ কমিটি গঠনের পর এক সংবাদ সম্মেলন করে কোনও অনিয়ম না করার দাবি করেন মতিন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গঠন করা গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটিরও প্রধান ছিলেন মতিন। সংসদীয় স্থায়ী কমিটি জানায়, মতিন টেন্ডার কমিটির প্রতিবেদন মূল্যায়নের জন্য ৫ জানুয়ারি বিকেল ৫টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড মিটিং ডাকেন বলে বন্দরের নথিপত্রে রয়েছে। কমিটি বলছে, ওই বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষ ইসহাক ব্রাদার্সকে ২৪ ঘণ্টার মধ্যে কাজ পাইয়ে দেওয়ার জন্য ফাইলটির প্রাথমিক কাজ সম্পন্ন করে তা বিমানযোগে ঢাকায় পাঠিয়ে দেয়। তারা আরও বলছে, ফাইলটি ৬ জানুয়ারি সকালেই অনুমোদিত হয় এবং উপদেষ্টার স্বাক্ষরের পর প্রয়োজনীয় কাজের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়। বঙ্গভবনে নতুন সরকার শপথ নিচ্ছে এমন সময় ইসহাক ব্রাদার্সকে কাজটি দেওয়া হয়। ফাইলটি ৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রামে পৌঁছায় এবং বন্দর কর্তৃপক্ষ রাত ৯টায় ইসহাক ব্রাদার্সকে কাজ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এইচএ/১৪৩০ ঘ.