ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে 'রাজনৈতিক বিবেচনায়' চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল শুরু করেছে সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইদ্রিস আলী বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরিচ্যুত এসব কর্মকর্তার নামের তালিকা এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। তিনি এ ব্যাপারে তদন্তের পর তাদের পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
ইতোপূর্বে গত ১৪ জুলাই সংসদীয় কমিটি এসব কর্মকর্তাকে পুনর্বহালের সুপারিশ করেছিল।
ইদ্রিস আলী বলেন, "মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে জানিয়েছেন, বিগত বিএনপি সরকারের আমলে রাজনৈতিক কারণে চাকরিচ্যূত কর্মকর্তাদের সরকার ইতিমধ্যে পুনর্বহালের কাজ শুরু করেছে। ওই সময় পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিও দেবে সরকার।"
তবে সশস্ত্র বাহিনীর কতজন কর্মকর্তা ওই সময় চাকরি হারিয়েছিলেন এবং কতোজনকে পুনর্বহাল করা হয়েছে তার সংখ্যা জানাননি কমিটির চেয়ারম্যান।
কমিটির সদস্য মঞ্জুর কাদের কোরাইশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব সেনা কর্মকর্তার আত্বীয়রা বিরোধী দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন বিএনপি সরকার (২০০১-২০০৬) তাদের চাকরিচ্যুত করেছে।"
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে কোরাইশী বলেন, "ওইসময় পদোন্নতিবঞ্চিতদের পদোন্নতিও দেবে সরকার।"
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের চাকরিচ্যুতির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সেনা সদরদপ্তর থেকে কোনো তথ্য প্রকাশ করা হয় না।
গণম্যাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালের অক্টোবরে ক্ষমতায় আসার পর ২০০৩ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার মেজর জেনারেলের সমপদমর্যাদার কমপক্ষে ১৪ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে।
বৈঠকে কঙ্গো ও আইভরিকোস্টে বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর অবদান সরেজমিনে দেখার জন্য ওই দুটি দেশ সফরের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, স্থায়ী কমিটির সদস্যরা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কঙ্গো ও আইভরিকোস্ট সফর করবেন।
তিনি বলেন, "আমরা কঙ্গোতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান সরেজমিনে দেখবো।"
বাংলাদেশের কাছে আরও তিন হাজার পাঁচশ' শান্তিরক্ষী চাওয়া হয়েছিলো। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ঢাকা এ চাহিদা পূরণ করতে পারেনি বলে জানান ইদ্রিস আলী।
তিনি বলেন, "আমরা আরও বেশিসংখ্যক শান্তিরক্ষী পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ করবো।"
কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মুজিবুল হক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি আব্দুল মান্নান বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩২২ঘ.
bdnews24