ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব বলেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এর (হুজি) সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রোববার দুপুরে র্যাব তাদের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানায়।
এর আগে শনিবার রাতে গ্রেপ্তার পলাতক ছয় হুজি সদস্যকে সাংবাদিকদের সামনে আনা হয়। একটি অস্ত্র মামলার এ আসামীরা জামিন নিয়ে কয়েকবছর ধরে পালিয়ে রয়েছেন।
সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মিজানুর রহমান খান বলেন, দেশের তিন জায়গা থেকে এই ছয় জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর মীরপুরের নবাবেরবাগে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মানিকগঞ্জের মো. আব্দুল খায়ের (৪০) ও চাঁদপুরের মওলানা মো. মুসাকে (৩৮)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনী থেকে আবদুল আজিজ (৪৫) এবং চট্টগ্রাম থেকে রেজাউল করিম (৪০), আনসারউদ্দিন জাবেদ (৩৮) ও আবদুল্লাহ আল হোসাইনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
১৯৯৬ সালে ১৯ ফেব্র"য়ারি কক্সবাজারের উখিয়ায় একটি ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণরত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪১ হুজি সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলাও হয়েছিল। ২০০২ সালে জামিনে নিয়ে বের হয়ে তারা আর আদালতে হাজিরা দেননি।
র্যাব জানিয়েছে, মামলাটিতে তাদের ১২ বছর করে সাজা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/২৩২৮ঘ.
bdnews24