ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মামলায় সাজাপ্রাপ্ত ফয়সাল মোরশেদ খানকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
জরুরি অবস্থার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের এই ছেলেকে দুটি মামলায় ১৭ বছর সাজা দেয় আদালত। তার অনুপস্থিতিতেই রায় হয়।
দুটি মামলায় ফয়সাল রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-২ এ আত্মসমর্পণ করেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক অমর কুমার রায়।
ফয়সালের আইনজীবীরা কারাগারে তার সুচিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানালে বিচারক এক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
দুপুর ১টার দিকে ফয়সাল আদালতে আসেন একটি হুইল চেয়ারে বসে। তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক ও আজমালুল হোসেন কিউসি।
দুই আইনজীবী বলেন, ফয়সাল মোরশেদ কূটনীতিক হিসেবে মেক্সিকোতে কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। তাই কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পাবেন।
আইনজীবীরা আরও জানান, হৃদরোগে আক্রান্ত ফয়সাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফয়সালের বিরুদ্ধে দুটি মামলাই দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে অবৈধ সম্পত্তি অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় ২০০৮ সালের ২০ আগস্ট তার ১০ বছর সাজা হয়। এ মামলায় তার স্ত্রী শ্যামা সেজান খানও আসামি। তবে তার বিরুদ্ধে মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
অপর মামলাটিতে ফয়সালের ৭ বছর সাজা হয় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর অবৈধ কাজে সহায়তা করায়।
সাংসদ কোটায় শুল্কমুক্ত গাড়ি আমদানিতে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল শাহজাহানকে ১০ বছর সাজা দেওয়া হয়। আর এতে সহায়তা করায় ৭ বছর কারাদণ্ডাদেশ হয় গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সালর বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24