ঢাকা, জুলাই, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্ত্রী বিদিশাকে ছেলে এরিকের সঙ্গে পনের দিন অন্তর দেখা করতে দিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এরিকের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে বিদিশার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
এরশাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বারিধারার বাসভবনে এরিকের সঙ্গে দেখা করতে পারবেন বিদিশা।
আবেদনে বলা হয়, বিবাহ বিচ্ছেদের সময় এরশাদের সঙ্গে বিদিশার একটি চুক্তি হয়েছিল। এতে ছেলে এরিকের সঙ্গে বিদিশাকে দেখা করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ওই চুক্তি অনুযায়ী এরিকের সঙ্গে বিদিশার দেখা করার সুযোগ দিচ্ছেন না এরশাদ। এমনকি ছেলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগেরও সুযোগ দেওয়া হচ্ছে না তাকে।
এরিকের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে গত মাসে বিদিশা হাইকোর্টে আবেদনটি দায়ের করেন। গত মাসেই আবেদনটির ওপর উভয় পক্ষে শুনানি গ্রহণ শেষ হয়।
বিদিশার পক্ষে আবেদন পরিচালনা করেন ড. শাহদীন মালিক। এরশাদের পক্ষে আবেদনটির বিরোধিতা করে বক্তব্য রাখেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৯৫৭ ঘ.
bdnews24