জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেগম খালেদা জিয়া হলের সামনে স্থাপিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি ভেঙে বিকৃত করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে ৩০-৩৫ জন ছাত্র 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দিতে হাতুড়ি দিয়ে এই প্রতিকৃতির বিভিন্ন অংশ ভেঙে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে জাবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতারা তাদের সংগঠনের কারো এ কাজে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
জাবি উপাচার্য অধ্যাপক মো. শরীফ এনামুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা তদন্তে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মো. আবুল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।"
আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলেও তিনি জানান।
এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২৫-৩০ জন শিক্ষক উপাচার্যের সঙ্গে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খালেদা জিয়ার প্রতিকৃতি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি খুবই ন্যক্কারজনক ও দুঃখজনক ঘটনা।"
ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে তারা শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করবেন বলে তিনি জানান।
গত ১৭ ফেব্র"য়ারি বিলুপ্ত ঘোষিত ছাত্রলীগ জাবি কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি খালেদা জিয়ার প্রতিকৃতি ভাঙার সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি কুচক্রী মহল ক্যাম্পাস পরিস্থিতি ঘোলাটে করতে এ ঘটনা ঘটিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২১৮ ঘ.
bdnews24