ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করেছেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে। নবম সংসদ নির্বাচনের প্রশংসা করে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে ভাবমূর্তি পুনরুদ্ধারে সহায়ক হয়েছে বলেও মনে করছেন তিনি।
বিদায়ী জার্মান দূত মেইকে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের কাঠামোগত সংস্কার এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশের স্থিতিশীল গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করতে গত জাতীয় নির্বাচন ইতিবাচক অবদান রেখেছে।
২০০৭ সালের ২১ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। এর আগেই ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়। ওই সময় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন মেইকে।
জরুরি অবস্থা জারির বিষয়ে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ না থাকায় ওই সময় এর চেয়ে ভালো কোনো সমাধান ছিল না। ইইউ'র ২৭টি সদস্য দেশ মনে করছিল, তখন নির্বাচন হলে খারাপ কিছু ঘটতে পারত।
তবে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে কূটনৈতিকদের কোনও ধরনের ভূমিকা ছিল না দাবি করে মেইকে বলেন, জরুরি অবস্থা জারি করা হলে আমরা তা সমর্থন করেছি মাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24