ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনকে। তিনি কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। জরুরি অবস্থার সময় তার অনুপস্থিতিকেই দুই মামলায় তাকে ২১ বছর সাজা দেয় আদালত।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় রোববার দুপুরে ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন সারোয়ার। এরপর বিচারক সিরাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সারোয়ারের পক্ষে তার আইনজীবী প্রাণনাথ কারাগারে তার সুচিকিৎসা এবং ডিভিশনের আবেদন করেন। বিচারক এক্ষেত্রে কারাবিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের দায়ে সারোয়ারের ১৩ বছর সাজা হয় ২০০৮ সালের মে মাসে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ওই মামলায় সাজা দেয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত।
সারোয়ার প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৩৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে আদালতে প্রমাণিত হয়।
আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং কর ফাঁকির অভিযোগে এনবিআরের দায়ের করা মামলায় ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর সারোয়ারকে ৮ বছর কারাদণ্ড দেয় বিশেষ আদালত।
সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পাঁচ বছরে ৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার ১০৬ টাকার সম্পত্তির তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
স্বামীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় সারোয়ারের স্ত্রী নাজমা সারোয়ারকেও তিন বছর সাজা দেয় আদালত। তবে ওই আদেশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১৩২ ঘ.
bdnews24