ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাউন্সিলের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গণপ্রতিনিধিত্ব আইন মেনে নির্ধারিত সময় ২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল করে গঠনতন্ত্র জমা দেওয়ার লক্ষ্যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি স্বল্প সময়ের নোটিশে এ কাউন্সিল করছে।
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে।"
বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের এটি ২০তম কাউন্সিল। এর আগের সম্মেলন হয়েছিল ২০০২ সালে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত হবে এ কাউন্সিল। এবারের কাউন্সিলের স্লোগান হচ্ছে- 'সংগ্রাম ও সাফল্যের ৬০ বছর'।
দলীয় কাউন্সিলের তিন দিন আগে কথিত উপেক্ষার 'ক্ষোভ থেকে' পদত্যাগ করে চমক তৈরি করেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কাউন্সিল শুরু হবে। উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গঠনতন্ত্র অনুমোদনের বাইরেও নিয়মমত কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
সভাপতি পদে আবারও শেখ হাসিনার থাকার বিষয়টি কার্যত নিশ্চিত হলেও সাধারণ সম্পাদকের পদটি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক অঙ্গনে।
সাধারণ সম্পাদক ছাড়াও অন্য কিছু পদে পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান জানান, কাউন্সিলে সারাদেশ থেকে ৫ হাজার ২৫৩ জন কাউন্সিলর যোগ দেবেন। নিয়ম অনুযায়ী কাউন্সিলররাই নির্বাচন করবেন দলের পরবর্তী নেতৃত্ব।
কাউন্সিলরদের স্বাগত জানিয়ে ঢাকার বিভিন্ন প্রবেশ পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল ৩টায় হবে কাউন্সিল অধিবেশন। অধিবেশন শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভার পর এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলের প্রস্তুতির কথা তুলে ধরে বলেন," কাল (শুক্রবার) আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে ঢাকায় গণতন্ত্রের মহোৎসব হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার, দিনবদলের উৎসব হবে।"
তিনি বলেন, "কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার কাউন্সিলর ও ডেলিগেট ঢাকায় এসেছে এবং কাল আরও আসবে। "
সভায় দলের তিন বছরের বাজেট, কাউন্সিলের জন্য তৈরি শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
তিনি বলেন,"যেহেতু আওয়ামী লীগের কাউন্সিলের দিকে সবার দৃষ্টি এজন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদারের ব্যবস্থা করা হয়েছে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।"
দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। এটি ছিল বুধবার শুরু হওয়া সভার মুলতবি সভা।
বুধবারের সভায় দলের খসড়া গঠনতন্ত্র, ঘোষণাপত্র, কাউন্সিলের জন্য লেখা সভানেত্রীর বক্তব্য এবং কর্মসূচি অনুমোদন করা হয় বলে জানিয়েছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় জন্ম নেয় আজকের আওয়ামী লীগ। বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছে এ দল।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের প্রথম সরকার ছিল আওয়ামী লীগের। ১৯৭৫ সালের রক্তাক্ত পটপরিবর্তনের দীর্ঘ দিন পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফেরে দলটি। ২০০৮ সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এসকে/২০১৩ঘ.
bdnews24