২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক উপদেষ্টা ফজলুলের ছেলে আফজাল কারাগারে

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেনকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আফজাল রোববার ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 08:07 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেনকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আফজাল রোববার ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক এ এন এম বশির উল্লাহ ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ দিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তা হয়নি। বিচারক বশির উল্লাহ মামলাটি ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়েছেন। আগামী ৪ আগস্ট ওই আদালতে মামলার অভিযোগ গঠন হবে। এ মামলায় এর আগে হাইকোর্ট আফজালকে অভিযোগপত্র দাখিলের দিন পর্যন্ত জামিন দিয়েছিল। আফজালের বাবা বিচারপতি ফজলুল হক ইয়াজউদ্দিন নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। বাবার প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে আফজালের বিরুদ্ধে। ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর আফজালের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের শেষ ভাগে তত্ত্বাবধায়ক সরকার আমলে ফজলুল হক বন, পরিবেশ ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন তার প্রভাব খাটিয়ে ছেলে আফজাল ওই সব মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীকে বদলির বিনিময়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৬১ লাখ ১৩১ টাকা অবৈধ লেনদেন করেন। এছাড়া ১ কোটি ৪০ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও মামলা রয়েছে আফজালের বিরুদ্ধে। অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধেও মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় তার বিরুদ্ধে ৯০ লাখ ৯৭ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৩৭৯ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় ফজলুল হকের মেয়েজামাই তারিকুর রহমান প্রিন্স ১৩ বছর সাজাপ্রাপ্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৮৪৫ ঘ.