ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল পুনর্গঠনের প্রক্রিয়া শেষ হলে এ বছরের ডিসেম্বরের দিকে দলের জাতীয় কাউন্সিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
দেলোয়ার বলেন,''বিএনপি যেনতেনভাবে দলের কাউন্সিল করবে না। তৃণমূল থেকে দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের পর কাউন্সিল হবে। দল পুনর্গঠন কাজ চলছে। তা শেষ হলে ডিসেম্বরের দিকে জাতীয় কাউন্সিল আমরা করতে চাই। সেভাবে আমাদের কাজ এগিয়ে চলছে।''
নির্বাচন কমিশনের সময়সীমা আগামী ২৫ জুলাইয়ের মধ্যে দলীয় কাউন্সিল করার বাধ্যবাধকতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,'' দলের সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল। তবে কাউন্সিল করার মতো পর্যায়ে আমরা এখনো প্রস্তুুত নই। বিএনপির মতো বড় দলের জন্য তড়িঘড়ি করে কাউন্সিল করা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষ ব্যাপার।''
জাতীয় কাউন্সিলের জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চাইবেন কিনা- এ প্রশ্নের জবাবে দেলোয়ার জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। রোববার সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে আরও সময় বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে।
দলীয় কাউন্সিলের বিষয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 'দুই রকম' বক্তব্যকে বিভ্রান্তিকর অভিহিত করে তিনি বলেন,''সব দল যেন দলীয় কাউন্সিল অনুষ্ঠান করতে পারে, তার ব্যবস্থা নেওয়া সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা তাদেরই নিতে হবে। আমরা আশা করি আওয়ামী লীগ সরকারে রয়েছে, তারা কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য না দিয়ে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাবে। ''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৪৭ঘ.
bdnews24