২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকি ১৩ দিন: ইসিতে কেউ গঠনতন্ত্র জমা দেয়নি

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য মাত্র ১৩ দিন থাকলেও নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের কেউ তা জমা দেয়নি। কেউ গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদনও করেনি। রোববার নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য মাত্র ১৩ দিন থাকলেও নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের কেউ তা জমা দেয়নি। কেউ গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদনও করেনি। রোববার নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন একথা জানান। সাখাওয়াত হোসেন আরও জানান, স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য 'যৌক্তিক' সময় বাড়াতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আবেদন পাওয়ার পরই নির্বাচনী আইন সংশোধনে সরকারের কাছে সুপারিশ করবে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী চলতি বছরের ২৫ জুলাইয়ের (সংসদ অধিবেশন শুরু ছয় মাসের) মধ্যে ইসির কাছে নিবন্ধিত দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার কথা। নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, "ইসি আইন করেও না, আইন সংশোধনও করতে পারে না। গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনতে হলে তা সরকারকেই করতে হবে।" তিনি বলেন, "দলগুলোর যৌক্তিক আবেদন এলে যৌক্তিক সময় বাড়াতে আইনে সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করতে পারে নির্বাচন কমিশন। ২৫ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে কমিশন সভা করে সিদ্ধান্ত নেবে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত বর্তমান নির্বাচন কমিশন দেশে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত করার উদ্যোগ নেয়। বিভিন্ন দল নিবন্ধনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন- উল্লেখ করে পরে কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করবে বলে নবম সংসদ নির্বাচনের আগে ইসিকে প্রতিশ্র"তি দেয়। তখন একটি খসড়া গঠনতন্ত্র জমা নিয়ে ইসি ৩৯টি দলকে নিবন্ধন দেয়। সাখাওয়াত জানান, নিবন্ধিত দলগুলোর মধ্যে একমাত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের অস্থায়ী গঠনতন্ত্র স্থায়ীভাবে অনুমোদন দেওয়ার কথা ইসিকে মৌখিকভাবে অবহিত করেছে। তিনি বলেন, "নিবন্ধিত কোনও দল ইসির কাছে এখনও আনুষ্ঠানিকভাবে স্থায়ী গঠনতন্ত্র জমা দেয়নি এবং জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদনও করেনি।" ক্ষমতাসীন আওয়ামী লীগ গত ৪ জুলাই কাউন্সিল করে গঠনতন্ত্র সংশোধনের জন্য ইসির কাছে আরও সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে গত ১০ জুলাই আবার সভাপতিমণ্ডলীর এক সভা করে দলটি জানায়, নির্ধারিত সময়ের (২৫ জুলাই) আগেই কাউন্সিল করার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তারা। প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, বিএনপি কাউন্সিল করে গঠনতন্ত্র জমা দেওয়ার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করবে। কমিশনার সাখাওয়াত বলেন, "নির্বাচনী আইন প্রয়োগে আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাই। দলগুলোর আবেদন কিংবা আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন সংসদ অধিবেশন না থাকায় প্রয়োজনে অধ্যাদেশ করেই সংশোধনী আনতে হবে।" কোনও দল আবেদন না করলে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গত এপ্রিলে নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার তাগিদ দেয় ইসি। ইসির আইন কর্মকর্তা যুগ্ম-সচিব এন আই খানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার জানান, নিবন্ধিত কোনও দলই আনুষ্ঠানিকভাবে এখনও দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেয়নি। জানা গেছে, চলতি সপ্তাহে আওয়ামী লীগ ও বিএনপি কাউন্সিল করার বিষয়ে ইসির সঙ্গে যোগাযোগ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/২০০৪ঘ.