ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রাখার মতো গুদাম তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে তিনি উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, নদী খনন ও তীর রক্ষা ও দুর্গত মানুষের কর্মসংস্থানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠকের পর খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই বৈঠক চলে। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের উপস্থিতিতেই একটি বক্তব্য রাখেন। পরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
খাদ্যমন্ত্রী জানান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে গতিশীলতা আনতে মন্ত্রণালয়টিকে বিভক্ত করার বিষয়েও প্রধানমন্ত্রী আলোচনা করেছেন।
আব্দুর রাজ্জাক বলেন, "খাদ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে খাদ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং সাধারণ মানুষের খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখা। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ পরবর্তী উদ্ধারসহ পুনর্বাসনে কাজ করা। এক্ষেত্রে মন্ত্রণালয়টিকে বিভক্ত করা হলে উভয় কাজে গতিশীলতা আসবে।"
কবে নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন হবে- জানতে চাওয়া হলে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তবে দ্রুতই চূড়ান্ত করা হবে।"
দুর্যোগ মোকাবেলায় বিদেশি সাহায্য নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, "আইলার পর প্রধানমন্ত্রী কৌশলগত কারণে কোনও বিদেশি সাহায্য চাননি। কারণ সব সময় আমরা ভিক্ষার ঝুলি নিয়ে হাত বাড়াতে চাই না। তবে উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, নদী খনন ও তীর রক্ষা ও দুর্গত মানুষের কর্মসংস্থানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি সাহায্যের প্রয়োজন রয়েছে।"
প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি সাহায্যের নেওয়ার পক্ষপাতি বলে রাজ্জাক জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিগগিরই দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে বিদেশিদের সাহায্য চাওয়া হবে।
প্রধানমন্ত্রী সম্ভাব্য বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা, বন্যার পর বিকল্প কৃষি উৎপাদন এবং বীজ সরবরাহ নিশ্চিত করা, উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পানির ব্যবহার বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে খাদ্যমন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৫ ঘ.
bdnews24