ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭১-এর যুদ্ধাপরাধ বিচারে ব্যক্তিগত এবং দলবদ্ধ অপরাধের বিচারের ধারা সংযুক্ত করে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে সংসদে বিল উত্থাপন করা হবে।
সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "মন্ত্রিসভার সোমবারের বৈঠকে ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সংসদের চলতি অধিবেশনে অর্থাৎ দুই-একদিনের মধ্যে এটি উত্থাপন করা হবে।
"১৯৭৩ সালের আইনে অপরাধের জন্য সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী বাহিনীর বিচার করার বিধান রয়েছে। এর পাশাপাশি ওই ধারা সংশোধন করে ব্যক্তিগত এবং দলবদ্ধ অপরাধের বিধান রাখা হয়েছে।"
আইন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রস্তাবিত সংশোধনীতে সহযোগী বাহিনীর সংজ্ঞায় রাজাকার, আল-বদর, আল-শামস বা অন্য কোনও অস্ত্রধারী বাহিনী বা গোষ্ঠীকে অর্ন্তভূক্ত করার জন্য ওই সংজ্ঞা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বিদ্যমান আইনে ট্রাইব্যুনালের বিচারপতির যোগ্যতা হিসেবে হাইকোর্টের সাবেক বিচারপতি অথবা কোর্ট মার্শালের যোগ্যতা সম্পন্ন কোনও ব্যক্তির কথা বলা আছে।
আইনমন্ত্রী জানান, সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা রয়েছে বা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এমন কোনও ব্যক্তিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য করার প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, "বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ট্রাইব্যুনালের স্বাধীনতা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত করবে মর্মে একটি বিধান সন্নিবেশ করার প্রস্তাবও করা হয়েছে।"
আইনমন্ত্রী জানান, বিদ্যমান আইনে বিচার কাজ পরিচালনার ভাষা হিসেবে ইংরেজির কথা বলা আছে। সংশোধনীতে ইংরেজির পাশাপাশি বাংলায়ও বিচার কাজ পরিচালনার সুযোগ রাখা হয়েছে। এছাড়া ঢাকার পুরনো ইংরেজি বানান 'উধপপধ' এর পরিবর্তে ' 'উযধশধ' বানানটি স্থাপন করার প্রস্তাব করা হয়েছে।
প্রচলিত আইনে অভিযুক্তদের খালাস পাওয়ার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।
শফিক আহমেদ জানান, সংশোধনীতে ট্রাইব্যুনালের খালাস আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
আইনের এসব সংশোধনী সম্পর্কে তিনি বলেন, "আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার গ্রহণযোগ্য করার পাশাপাশি স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায় বিচার নিশ্চিত করতেই বিদ্যামান আইনের কয়েকটি ধারা সংশোধন করার প্রয়োজন ছিল।"
তিনি জানান, আপাতত একটি ট্রাইব্যুনাল গঠন করে বিচার কাজ শুরু করা হবে। একজন পিপির নেতৃত্বে ৫-১০ জন আইনজীবীর একটি দল এবং একজন প্রধানের নেতৃত্বে একটি তদন্ত সংস্থা গঠন করা হবে।
নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর '৭১-এর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে নবম সংসদের প্রথম অধিবেশনে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এসকে/১৯০১ঘ.
bdnews24