২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সভাপতির গুরুদায়িত্ব পালন করতেই হবে'

"আমার ডান দিকের জন আসেন নাই। বাম দিকের জনও না। আষাঢ়ের দিন তো একটু মেঘলা হবেই। কিন্তু সভাপতি হিসেবে আমি তো আর বসে থাকতে পারি না। এই গুরুদায়িত্ব পালন করতেই হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমার ডান দিকের জন আসেন নাই। বাম দিকের জনও না। আষাঢ়ের দিন তো একটু মেঘলা হবেই। কিন্তু সভাপতি হিসেবে আমি তো আর বসে থাকতে পারি না। এই গুরুদায়িত্ব পালন করতেই হবে।" রাজধানীর হোটেল শেরাটনে শুক্রবার 'অনাবাসী বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সংরক্ষণ ও প্রতারণা মোকাবেলা: স্বদেশে ও বিদেশে' শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ এবং বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় এই মন্তব্য করেন আইন মন্ত্রণলায় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি বলেন, "মন্ত্রীদের একটা 'আদপ' তো আছে। যদি আগে আসতেন তাহলে বলা যেত মন্ত্রীর কোনও কাজ নেই। আর দেরিতে আসলে বলা যেত মন্ত্রী খুবই ব্যস্ত। কিন্তু তারা দু'টোর কোনোটাই করলেন না। মধ্যপন্থী হয়ে অনুষ্ঠানেই এলেন না।" সেমিনারে আলোচক হিসেবে ১০জনের উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র দু'জন। তারা হচ্ছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি সৈয়দ মনজুর এলাহী ও নিউইয়র্ক সিটি ভোটার অ্যাসিসটেন্স কমিশনার মোর্শেদ আলম। আলোচকদের মধ্যে অনুপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) মহাসচিব নজরুল ইসলাম খান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনাম, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল হক, বায়রার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মফিজুর রহমান, ডা. ওয়াজেদুল ইসলাম খান এবং এ কে এম বদরুদ্দোজা। এ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "বড় দুই দলের দুই শ্রমিক নেতাও এলেন না। পার্টি আলাদা হলেও এ ক্ষেত্রে তারা দু'জনই একজোট। এখন, কি করা যাবে আসেন আমরা যারা আছি তারাই শুরু করি।" এ কথা বলে তিনি অনুষ্ঠান শুরু করেন এবং সেমিনার শেষ হওয়া পর্যন্ত উল্লেখিত ব্যক্তিদের কেউই সেখানে আসেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/টিআর/১৮৩৫ ঘ.