২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার খাবারে বিষ ছিল, সন্দেহ উপদেষ্টা মোদাচ্ছেরেরও

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে থাকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবারে বিষ মেশানো হতো বলে সন্দেহ করছেন তার উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীও। গত ২৯ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সর্বপ্রথম খাবারে বিষ মেশানোর অভিযোগ তোলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে থাকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবারে বিষ মেশানো হতো বলে সন্দেহ করছেন তার উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীও। গত ২৯ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সর্বপ্রথম খাবারে বিষ মেশানোর অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী শুক্রবার বলেন, "ওই সময় (কারাগারে থাকাকালে) পরীক্ষার জন্য আমি বেশ কয়েকবার শেখ হাসিনার রক্ত সংগ্রহ করতে গিয়েছিলাম। কিন্তু আমাকে তা করতে দেওয়া হয়নি।" শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোদাচ্ছের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, "শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার আগে কারা কর্মকর্তারা বলেছিলেন, ব্যক্তিগত চিকিৎসকরাই তার চিকিৎসা করবেন। কিন্তু আমাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি।" ডা. মোদাচ্ছের জানান, কারাগারে যাওয়ার পর হাসিনার এক ধরনের অ্যালার্জি দেখা দিয়েছে, যার কারণে তার চুল পড়ে যাচ্ছে। সাবেক দুই উপদেষ্টা এম এ মতিন ও মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করার জন্য বিভিন্ন মহলের দাবির বিষয়ে একমত কিনা জানতে চাইলে মোদাচ্ছের বলেন, "ওই সময়ে যেহেতু তারা দায়িত্বে ছিলেন তাই ঘটনার দায়-ভার তো তাদেরই নিতে হবে। "আমার মনে হয় মতিন জামায়াতের লোক। কারণ, তিনি এক সময় বলেছিলেন তিনি জামায়াতের লোকদের মধ্যে কোনও দোষ খুজে পান না।" মোদাচ্ছের আরও বলেন, "খাবারে বিষ মেশানোর বিষয়টি আমি আগেই বলেছি। এ বিষয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে পদক্ষেপ নিতেও বলেছি। একজন উপদেষ্টা হিসেবে এ ব্যাপারে এখন কিছু বলব না। তবে তার ব্যক্তিগত চিকিসক হিসেবে আমার মনে হয়েছিল সে সময় তার কোনও সমস্যা হয়েছিল। এগুলো আসলে খতিয়ে দেখা উচিত।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা বলেছিলেন, বিশেষ কারাগারে শেখ হাসিনার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হতো। বিষ মেশানো খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার চোখ-মুখ ফুলে গিয়েছিল। ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি। অসুস্থতার কারণে কারাবন্দি হাসিনাকে কয়েকবার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, জরুরি অবস্থার সময় রাজনীতি থেকে সরে থাকার জন্য হাসিনার ওপর চাপ দেওয়া হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে হাসিনাকে সেখানে রাখা হয়। ওই সময় পাশের আরেকটি বাড়িতে বন্দি ছিলেন দেশের অপর প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রধান খালেদা জিয়া। হাসিনার মতো খালেদার খাবারেও বিষ মেশানো হতে পারে- এ সন্দেহ করে গত ৩০ জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআই/১৪১৭ ঘ.